জিরো পয়েন্ট ছেড়ে ভেতরে কাঁটাতার! বিঘার পর বিঘা জমি হারানোর আশঙ্কায় রাস্তায় নেমে বিক্ষোভে চাষিরা

সাগরপাড়া: রাজ্যে শাসনভার পরিবর্তনের পর এই প্রথম সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়ায়। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় চাষিরা। তাঁদের অভিযোগ, কাঁটাতারের জন্য যে লাইনটি চিহ্নিত করা হয়েছে, তা সীমান্তের ‘জিরো পয়েন্ট’ থেকে অনেকটাই ভেতরে। এর ফলে তাঁদের বিঘার পর বিঘা উর্বর কৃষিজমি কাঁটাতারের ওপারে চলে যাবে এবং কার্যত তা পরিত্যক্ত হয়ে পড়বে।

এই চরম আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কায় বুধবার সকালে সাহেবনগর এলাকায় রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান শয়ে শয়ে ক্ষুব্ধ কৃষক। চাষিদের এই আকস্মিক আন্দোলনের জেরে শেখপাড়া-জলঙ্গি সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। দীর্ঘ আধ ঘণ্টা ধরে চলে এই পথ অবরোধ। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আলোচনা ও উপযুক্ত ব্যবস্থার আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা পথ অবরোধ তুলে নেন। তবে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সীমান্ত এলাকার কৃষকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *