বিজেপি মন্ত্রীর নিশানায় আমির খান, তৃতীয় বিয়ে নিয়ে উঠল লাভ জেহাদের গুরুতর অভিযোগ

ষাটোর্ধ্ব অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার অভিনেতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতেশ রানে। একের পর এক হিন্দু নারীর সঙ্গে আমিরের বৈবাহিক সম্পর্ক গড়ে তোলাকে কাঠগড়ায় তুলেছেন তিনি। শিরডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতেশ রানে প্রশ্ন তোলেন, আমির খান আসলে ‘লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হয়ে উঠছেন কি না। সেই সঙ্গে হিন্দু সমাজকে এই অভিনেতার সিনেমা দেখার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করারও আহ্বান জানিয়েছেন তিনি।
আমির খানের এই নতুন পরিণয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছে বজরং দল। বিহারের ফোরবেসগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করে অভিনেতার কুশপুতুল পোড়ানোর পাশাপাশি তাঁকে দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দেওয়া হয়েছে। এই আবহেই বিজেপি মন্ত্রী দাবি করেছেন, আমিরের এই পদক্ষেপকে লাভ জেহাদের দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, এই ধরনের সেলিব্রিটিদের তোল্লাই দেওয়ার আগে হিন্দু যুবকদের নিজেদের দৃষ্টিভঙ্গি পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন।