জাতিগত শংসাপত্র পেতে বড় স্বস্তি! লাগবে না ১৯৫০-এর আগের জমির দলিল, জানাল রাজ্য

জাতিগত শংসাপত্র (Caste Certificate) পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্য অনগ্রসর কল্যাণ দপ্তরের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে জাতিগত শংসাপত্র পাওয়ার জন্য জমির দলিল আর বাধ্যতামূলক নয়।
পূর্বে বিভিন্ন জেলা ও মহকুমা আধিকারিকদের পক্ষ থেকে আবেদনকারীদের ১৯৫০ সালের আগের জমির দলিল জমা দেওয়ার কড়াকড়ি করা হচ্ছিল। কিন্তু এত পুরোনো নথি অনেকের কাছেই না থাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই জটিলতা দূর করতেই রাজ্য সরকার কড়া নির্দেশিকা জারি করেছে।
বিকল্প হিসেবে যে সমস্ত নথি জমা দেওয়া যাবে:
- পরিচয়পত্র: ভোটার কার্ড, রেশন কার্ড কিংবা পরিচয়পত্র।
- পারিবারিক পরিচয়: বাবা বা মায়ের জাতিগত শংসাপত্র।
- বংশলতিকা: আবেদনকারী যদি নিজেকে তফসিলি জাতি (SC) বা তফসিলি উপজাতি (ST) হিসেবে প্রমাণের জন্য সঠিক বংশ তালিকা (Genealogy) দাখিল করতে পারেন, তবে তাও গ্রহণযোগ্য হবে।
দপ্তর সূত্রে জানানো হয়েছে, ২০১৪ এবং ২০১৫ সালের সরকারি নির্দেশিকাতেও জমির দলিল বাধ্যতামূলক নয় বলে উল্লেখ ছিল। সেই নিয়মকেই রাজ্যজুড়ে সমস্ত শংসাপত্র ইস্যু ও পুনঃযাচাই প্রক্রিয়ায় নিখুঁতভাবে কার্যকর করতেই এই নতুন নির্দেশ জারি করা হয়েছে।