অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? তারিখ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী, অপপ্রচারে কড়া আইনি হুঁশিয়ারি!

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে রাজ্যজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, আগামী ১৭ অগস্ট থেকে ভেরিফিকেশন হওয়া যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।
মুখ্যমন্ত্রী জানান, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন ১৭ অগস্টের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। অন্যদিকে, ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলির যাচাইকরণে আরও কিছুটা সময় লাগবে। মূলত ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণেই এই সাময়িক বিলম্ব। আগামী ১০ অগস্ট নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি আভা রায় এবং সচিবকে সঙ্গে নিয়ে একটি বৈঠকের মাধ্যমে টাকা পাওয়ার সম্পূর্ণ মানদণ্ড প্রকাশ্যে আনা হবে। আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই এই অর্থ বন্টন করা হবে। তিনি আরও আশ্বাস দেন যে, অগস্টের পর থেকে বিজেপি সরকার থাকা পর্যন্ত প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।
এর পাশাপাশি, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ও ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যাঁরা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, মিম বা রিল বানাচ্ছেন, তাঁদের ওপর নজর রাখা হচ্ছে। চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।