‘জেন জি’ বা ‘জেন আলফা’ নয়, তারা আমাদেরই সন্তান! তরুণদের কোন নতুন বার্তা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা?

পশ্চিমা সংস্কৃতি ও গ্রিক বর্ণমালা ভিত্তিক ‘জেন জি’ বা ‘জেন আলফা’ ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করে তরুণদের নিজেদের সন্তান বলে উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর এক জনসভায় তিনি জানান, অন্ধভাবে বিদেশি মডেল অনুসরণ না করে রাজ্যের নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই উন্নয়ন পরিকল্পনা করা উচিত। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য একটি পৃথক বিভাগ গঠনের পাশাপাশি আগামী পাঁচ বছরে সড়ক, শিক্ষা ও নগর উন্নয়নে ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেন তিনি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের নিজস্ব ঐতিহ্য ধরে রেখে একটি ‘আসাম মডেল’ শাসনব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সমাজের সুরক্ষায় বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ, বহুবিবাহের বিরুদ্ধে অবস্থান এবং প্রথম স্ত্রীর অধিকার রক্ষায় সরকারি কর্মচারীদের বেতনের অর্ধেক অংশ স্ত্রীকে দেওয়ার বিধানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। পাশাপাশি ৪০টি রাজস্ব সার্কেলে তিন প্রজন্ম ধরে বসবাসকারীদের জমির অধিকার প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং শিশুদের ৫০টি জটিল রোগের বিনামূল্যে চিকিৎসার মতো একাধিক জনকল্যাণমূলক সামাজিক উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।