পাকিস্তানি জঙ্গি রানার ভুয়ো নথিপত্র তৈরিতে বড় সাহায্য! তপসিয়া থেকে গ্রেপ্তার আরও এক!

ধৃত পাকিস্তানি জঙ্গি রানা রউফকে নেপালের কাঠমান্ডু থেকে কলকাতায় আনা এবং তাঁর জন্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগে তপসিয়া থেকে ইমরান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সম্প্রতি বাংলাদেশ সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন কর্মী রানা রউফকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গিয়েছে, ২০১২ সাল থেকে ভারতে লুকিয়ে থাকা এই জঙ্গি ‘ওয়াহাব আলম’ নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে এখানে বসবাস করছিল। তাকে সহায়তার অভিযোগে এর আগে মহম্মদ ইজাজ নামে অন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
অন্যদিকে, আল-কায়দার মতাদর্শ প্রচার এবং রাজ্যে স্লিপার সেল তৈরির অভিযোগে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার ও নোদাখালী থেকে শেখ সফিক ও জানিদুল বেগ নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা একটি এনজিও ও জুটমিলের আড়ালে জঙ্গি কার্যক্রম চালাত বলে অভিযোগ। পাকিস্তান ও বিদেশের হ্যান্ডেলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তারা একটি মডিউল তৈরির চেষ্টা করছিল। রানার চক্রের সঙ্গে যুক্ত অন্য কোনো যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃত ইমরানকে জেরা করছেন তদন্তকারীরা।