‘দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টে যাব!’ বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার, ফাঁসবেন কারা?

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, দলের বিরুদ্ধে যত মামলা বা আইনি পদক্ষেপ করা হোক না কেন, তার যথাযথ আইনি মোকাবিলা করা হবে। প্রয়োজনে সুপ্রিম কোর্ট ছাড়িয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার হুংকার দিয়েছেন তিনি। বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত এই ছাত্র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রসমাজকে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানান। পাশাপাশি, পুলিশ প্রশাসন ও সরকারের উদ্দেশেও তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অন্যায়ের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রশাসনকে একদিন জবাবদিহি করতে হবে।
একই সঙ্গে আগামী দিনে জেলা সফরের কর্মসূচিও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে তিনি জানান, রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হলে তা বরদাস্ত করা হবে না। গণতান্ত্রিক আন্দোলনের অধিকার রক্ষায় প্রয়োজনে সাধারণ মানুষের সরাসরি অনুমতি নিয়েই কর্মসূচি পালন করা হবে বলে তিনি বার্তা দেন। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।