তিলোত্তমাকাণ্ডে সিবিআইকে ডেডলাইন হাইকোর্টের! রুদ্ধদ্বার শুনানির পর মিলল কতদিনের সময়সীমা?

তিলোত্তমাকাণ্ডের তদন্তে এবার সিবিআইকে কড়া ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টে এই মামলার অত্যন্ত তাৎপর্যপূর্ণ রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানিতে তিলোত্তমার মাকেও অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, তাঁকে এজলাসের বাইরে অপেক্ষা করতে হয়। জানা গিয়েছে, তদন্ত শেষ করতে সিবিআই আদালতের কাছে চার সপ্তাহ সময় প্রার্থনা করেছিল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে তদন্ত সম্পূর্ণ করার জন্য মাত্র তিন সপ্তাহের চরম সময়সীমা বেঁধে দিয়েছে।
এর আগে একাধিক শুনানিতে তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। তদন্তে একাধিক খামতি থাকায় আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করে জানতে চেয়েছিল, মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? পুরনো তদন্তকারী আধিকারিকদের সরিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিলম্ব নিয়ে ক্ষুব্ধ ছিল আদালত। তাই আর কোনো গাফিলতি বরদাস্ত না করে দ্রুত তদন্ত শেষ করতেই হাইকোর্ট এই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে।