ভরা ভাদ্রেই দুর্যোগ! ৯ জেলায় হলুদ সতর্কতা জারি হতেই কপালে চিন্তার ভাঁজ!

ভরা ভাদ্র মাসেও রেহাই নেই, মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দীঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াসহ মোট ৯টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, শহর কলকাতায় আজ দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দুপুরের পর বা সন্ধ্যার দিকে তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।