যাদবপুরে কি তবে দুর্নীতির কালো ছায়া! সিবিআই তদন্তের দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি

যাদবপুরে কি তবে দুর্নীতির কালো ছায়া! সিবিআই তদন্তের দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবির দ্বারস্থ হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। পিএইচডি প্রক্রিয়ায় দুর্নীতি, দেশবিরোধী গতিবিধির অভিযোগ এবং ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে, জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও জোর দাবি জানিয়েছে প্রতিনিধিদল। এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি অভিযোগের নিরপেক্ষ ও কঠোর তদন্ত অত্যন্ত জরুরি।

এই পরিস্থিতিতে এবিভিপির পাশে দাঁড়িয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। যাদবপুরের ‘বন্দে মাতরম’ কর্মসূচি থেকে এবিভিপির সমর্থনে হুঙ্কার দিয়ে তিনি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো যাদবপুরকেও নিয়ন্ত্রণে আনার কথা বলেন। অন্যদিকে, এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাঠে নেমেছে এসএফআই। রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব করার অপচেষ্টা রুখে দেওয়ার হুংকার দিয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছে তারা। এসএফআইয়ের স্পষ্ট বক্তব্য, হুমকি ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে ছাত্রসমাজকে দমানো যাবে না। এই সংঘাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই গভীর নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *