থিমের নামে ডিম-জুতোর প্যান্ডেল চলবে না! দুর্গাপুজো নিয়ে বড় মন্তব্য বিশ্ব হিন্দু পরিষদের

বর্তমানে দুর্গাপুজোয় থিমের ছড়াছড়ি এবং নানা পরীক্ষা-নিরীক্ষা দেখা গেলেও, এই ভাবনা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সাম্প্রতিক দাবি ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম দুর্গাপুজোয় কলকাতার প্যান্ডেলগুলোতে থিম থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এই বিষয়ে সংগঠনের অবস্থান স্পষ্ট করেছেন বিশ্ব হিন্দু পরিষদের মার্গ দর্শকমণ্ডলীর সদস্য নির্গুণানন্দ ব্রহ্মচারী। তিনি জানান, উন্নত শিল্পকলা হিসেবে থিমে তাদের কোনও আপত্তি নেই, তবে বিকৃত শিল্পকলার তারা বিরোধী। সনাতনী ভাবধারা বজায় রেখে মন্দিরের আদলে মণ্ডপ গড়া যেতে পারে, কিন্তু থিমের নামে ডিম বা জুতোর প্যান্ডেল কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
প্রতিমার রূপ ও পুজো প্রাঙ্গণের নিয়ম নিয়ে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্গুণানন্দ ব্রহ্মচারী বলেন, মূর্তির শালীনতা ও মাতৃত্বের ভাব বজায় রাখতে হবে এবং সনাতন ধর্মে যেভাবে দেবীকে উল্লেখ করা হয়েছে, সেই সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাতে হবে। পাশাপাশি, আমিষ খাবার নিয়ে বিতর্কের বিষয়ে তিনি স্পষ্ট জানান, সার্বিকভাবে পুজোয় আমিষ বন্ধের কথা না বললেও মণ্ডপের আশেপাশে আমিষ খাবার বিক্রি বা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। মাতৃপ্রতিমার আশেপাশে আমিষের ছোঁয়া যাতে না আসে, সেটি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ব হিন্দু পরিষদের এই কড়া অবস্থান ঘিরে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা।