বিদায়বেলায় বর্ষার ঝোড়ো ব্যাটিং! বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, উইকএন্ডে ভাসবে বাংলা

বিদায়বেলায় বর্ষার ঝোড়ো ব্যাটিং! বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, উইকএন্ডে ভাসবে বাংলা

বিদায় নেওয়ার ঠিক মুখে দাঁড়িয়ে আবারও মেজাজ দেখাচ্ছে বর্ষা। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় বিদায়বেলায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবারই এই নিম্নচাপটি রূপ নেবে। পাশাপাশি, একটি মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলাতেই ফের ভাসতে চলেছে বাংলা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর: আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় আগামী ৩ দিনের জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের স্থিতি: উত্তরের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

কবে বিদায় নেবে বর্ষা? উপগ্রহ চিত্রে দেখা গেছে, উত্তর-পশ্চিম ভারতের আকাশে মেঘ অনেকটাই কেটে গেছে। কিন্তু পূর্ব ও দক্ষিণ ভারতে বর্ষার মেঘ এখনও সক্রিয়। আবহাওয়াবিদদের মতে, আগামী ১২ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্ষা তার শেষ পর্বের ‘ঝোড়ো ব্যাটিং’ চালাবে। মধ্য, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভারতে এই দিনগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। ২১ সেপ্টেম্বরের পর বর্ষার এই পর্বটি মিটলেই দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *