পুজোয় ডিজে বাজালেই বাজেয়াপ্ত মাইক! শব্দবিধি মানলে তমলুকে মিলবে বিশেষ সম্মান

তমলুক: দুর্গাপুজোয় শব্দদূষণ রুখতে এবং পরিবেশবান্ধব উৎসবের পরিবেশ গড়ে তুলতে কড়া পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও তমলুক থানার প্রশাসন। রবিবারে তমলুকের মানিকতলার একটি বেসরকারি গেস্ট হাউসে শতাধিক পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্পষ্ট বার্তা দেওয়া হয়—পুজোর সময়ে কোনভাবেই ডিজে বা উচ্চশব্দের সাউন্ড ব্যবহার করা যাবে না। পরিবর্তে দেবী বন্দনা, রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুলগীতির মতো শ্রুতিমধুর গান বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়ম মানলেই মিলবে বিশেষ সম্মান জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সমস্ত নির্দেশিকা মেনে যারা পরিবেশবান্ধব পুজো ও শ্রুতিমধুর সাউন্ড ব্যবস্থা করবে, সেই সমস্ত পুজো কমিটিকে বিশেষ ভাবে পুরস্কৃত ও সম্মানিত করবে জেলা পরিষদ।
আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অন্য দিকে, শব্দবিধি লঙ্ঘন করলে পার পাবে না কোনো পুজো কমিটি বা সাউন্ড অপারেটর। সভায় উপস্থিত রাজ্যের প্রতিমন্ত্রী অশোক দিন্দা জানান, “মাইক বাজবে, তবে শব্দের মাত্রা এমন রাখতে হবে যাতে শিশু, প্রবীণ ও রোগীদের অসুবিধা না হয়।” নিয়ম ভাঙলে পুলিশকে সরাসরি মাইক বাজেয়াপ্ত করা এবং আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তায় বিশেষ নজর শব্দবিধির পাশাপাশি পুজো মণ্ডপের বিদ্যুৎ সংযোগ, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং দর্শনার্থীদের নিরাপত্তার বিষয় নিয়েও দমকল ও পুলিশের আধিকারিকেরা সতর্কবার্তা দেন। বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, বিধায়ক নির্মল খাঁড়া, তমলুক পুরসভার প্রশাসক অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়সহ বিদ্যুৎ ও তমলুক থানার পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ‘পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশন’-এর তরফ থেকেও সাউন্ড মালিকদের জন্য শব্দবিধি মেনে চালনার বেশ কিছু কড়া শর্ত ও নির্দেশিকা জারি করা হয়েছে।