‘জুবিন গার্গের মাটিতে ভয় পাই না!’ আটক পর্ব শেষে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ আশুতোষ রাঙ্কার

‘জুবিন গার্গের মাটিতে ভয় পাই না!’ আটক পর্ব শেষে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ আশুতোষ রাঙ্কার

আইনি জট আর পুলিশি আটককে বুড়ো আঙুল দেখিয়ে আসামে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর চরম হুঁশিয়ারি দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করে বড় রাজনৈতিক যুদ্ধের ডাক দিয়েছেন দলের শীর্ষ নেতারা।

গত রবিবারই পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন CJP নেতা আশুতোষ রাঙ্কা। বেরিয়ে এসেই অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান তিনি।

ঘটনার সূত্রপাত গত রবিবার। পূর্ব নির্ধারিত একটি রাজনৈতিক কর্মসূচির ঠিক আগেই আসাম জাতীয় পরিষদ (AJP)-এর নেত্রী কুঙ্কি চৌধুরীর বাড়ি থেকে আশুতোষ রাঙ্কাসহ ৪০ জনেরও বেশি স্বেচ্ছাসেবককে আকস্মিকভাবে আটক করে আসাম পুলিশ। তাঁদের সোজা কাহিলিপাড়ার ১০ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী অভিযোগে এই আটক, তা নিয়ে পুলিশের তরফে প্রথমে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।

রবিবার সন্ধ্যায় দীর্ঘ টালবাহানার পর মুক্তি পেয়েই এক্স হ্যান্ডেলে (টুইটার) তোপ দাগেন রাঙ্কা। তিনি লেখেন, “আসাম পুলিশের অবৈধ আটকের অবসান ঘটল। যেখান থেকে আমাদের জোর করে তোলা হয়েছিল, সেখানেই সসম্মানে পৌঁছে দিতে হবে।” অপর একটি পোস্টে সরাসরি মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি লেখেন, “আসামের ককরোচরা তো সবেমাত্র লড়াই শুরু করেছে!”

পরবর্তীকালে সাংবাদিক সম্মেলনে রাঙ্কা দাবি করেন, সম্পূর্ণ বেআইনিভাবে তাঁদের আটকে রাখা হয়েছিল। পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে অফিসাররা জানান যে ওপরের নির্দেশেই এই পদক্ষেপ।

CJP নেতৃত্বের দাবি, রবিবারের বৈঠকে আসামের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কাজিরাঙার আদিবাসীদের অধিকার রক্ষা এবং আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে আলোচনা হওয়ার কথা ছিল।

হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করে রাঙ্কা বলেন, “মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ককরোচদের ভয় পান। তাই কণ্ঠরোধ করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন। কিন্তু তিনি ভুলে গেছেন, এটি জুবিন গার্গের পবিত্র মাটি—যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আমরা রাজনৈতিক ক্ষমতা চাই না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো স্কুল আর কর্মসংস্থান চাই।”

সরকারের প্রশাসনিক ক্ষমতা ও রসদকে বিন্দুমাত্র ভয় পান না জানিয়ে CJP নেতা স্পষ্ট বার্তা দিয়েছেন, নিজেদের মৌলিক অধিকার আদায়ের এই লড়াই আগামী দিনে গোটা উত্তর-পূর্ব ভারত জুড়ে আরও তীব্র রূপ নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *