ভোটচুরির অহংকার! দিল্লির রাস্তায় যুবককে চড়কাণ্ডে প্রবেশ বর্মাকে তুলোধোনা রাহুলের

ভোটচুরির অহংকার! দিল্লির রাস্তায় যুবককে চড়কাণ্ডে প্রবেশ বর্মাকে তুলোধোনা রাহুলের

দিল্লির রাস্তায় পরিদর্শনে গিয়ে বিপাকে বিজেপি নেতা তথা দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী প্রবেশ বর্মা। সম্প্রতি ভাইরাল একটি ভিডিও ঘিরে উত্তপ্ত জাতীয় রাজনীতি। নবনির্মিত রাস্তার নিম্নমানের পিচ তুলে ধরে মন্ত্রীকে চ্যালেঞ্জ জানান আপ বিধায়ক জার্নেল সিং। এই বিতর্কিত মুহূর্তটির লাইভ ভিডিও করার সময় আপ বিধায়কের সহকারী সাহিব সিংয়ের গালে সজোরে চড় মারার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “ভিডিও করার অপরাধে দিল্লির মন্ত্রী যুবককে চড় মারছেন। রাস্তায় সাধারণ মানুষ প্রশ্ন তুললে চড়, প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন করলে লাঠিচার্জ আর সংসদে কথা বলতে চাইলে বন্ধ করে দেওয়া হয় মাইক।” রাহুলের দাবি, এই অহংকার এসেছে কারণ দলটির মনে আর নির্বাচন হেরে যাওয়ার কোনো ভয় নেই।

অন্যদিকে, রাহুলের এই আক্রমণের জবাব দিয়েছেন মন্ত্রী প্রবেশ বর্মা। তিনি পালটা কটাক্ষ করে বলেন, “রাহুলবাবু, আপনি এই বিষয় থেকে দূরে থাকুন, ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।” একই সঙ্গে তাঁর সাফাই, আপ বিধায়কের কর্মীরা তাঁর পরিবারকে গালাগালি দেওয়ার কারণেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি।

বর্তমানে এই ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে। আক্রান্ত যুবক সাহিব সিং নিরপেক্ষ তদন্ত ও মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়ে এফআইআর দায়ের করেছেন। এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *