বদলাবে কলকাতার যাতায়াত, রূপায়ণে মেগা রোডম্যাপ সরকারের

বদলাবে কলকাতার যাতায়াত, রূপায়ণে মেগা রোডম্যাপ সরকারের

রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও সুসংবদ্ধ করতে একগুচ্ছ যুগান্তকারী পরিকল্পনার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কলকাতার দীর্ঘদিনের যানজট দূর করা এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার একটি সমন্বিত বহুমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ট্র্যাফিক সিগন্যাল, দ্রুতগতির ওয়াটার ট্যাক্সি, ঐতিহ্যবাহী ট্রামের আধুনিকীকরণ এবং পরিবেশবান্ধব ই-বাসের সংখ্যা বৃদ্ধি। বর্তমানে ট্রাফিক ব্যবস্থার অগ্রগতির বিষয়গুলি আলোচনা স্তরে রয়েছে এবং ট্রাম পুনরুজ্জীবন সহ জলপথের প্রকল্পগুলি পরিকল্পনা পর্যায়ে রাখা হয়েছে।

নতুন পরিকল্পনার অধীনে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে ‘অ্যাডাপটিভ সিগন্যালিং সিস্টেম’ ও এএনপিআর প্রযুক্তি ব্যবহার করা হবে। পাশাপাশি গঙ্গা নদীতে হাওড়া, বালি, বেলুর, ব্যারাকপুর ও মেটিয়াবুরুজ থেকে বাবুঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালুর প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে নবদ্বীপ পর্যন্ত সম্প্রসারণের দীর্ঘমেয়াদী সমীক্ষা চলছে। দূষণ কমাতে ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে ১,৫০০টি নতুন সরকারি ই-বাস ও সিএনজি বাস নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার একটি বড় অংশ উত্তরবঙ্গের জন্য বরাদ্দ থাকবে। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরুজ্জীবিত করার বার্তা দিয়েছে পরিবহন দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *