ধর্মের নামে জঘন্য কুকীর্তি! অভিযুক্ত সাধুর গ্রেপ্তারির দাবিতে উত্তাল দেশ

ধর্মগুরুর বিরুদ্ধে যৌন হেনস্থা ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ: তদন্তে মুম্বই পুলিশ
মুম্বই: পারিবারিক সমস্যার সমাধানের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল ও যৌন হেনস্থা করার অভিযোগে ইন্দ্রদেব নামে এক ‘মহারাজ’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মুম্বই পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, ২০২৩ সালে অভিযুক্ত সাধুর সংস্পর্শে আসার পর থেকেই তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে।
অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত মহারাজ প্রথমে বিশ্বাসের সুযোগ নিয়ে সুকৌশলে তাঁর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেন। এরপর ২০২৪ সালের জুন মাস থেকে ভিডিও কলের মাধ্যমে তাঁকে নগ্ন হতে বাধ্য করতেন এবং অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতেন। চলতি বছরের নভেম্বরে বৃন্দাবনের একটি সেবাধাম আশ্রমে ডেকে নিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনেরও অভিযোগ উঠেছে।
ঘটনার সূত্রপাত হয় নিউজিল্যান্ড প্রবাসী এক ৬০ বছর বয়সী নারীর মাধ্যমে। তিনি অভিযুক্ত সাধু ও তাঁর সহযোগীদের কথোপকথনের কিছু অডিও রেকর্ডিং ফাঁস করে দেন। সেই প্রমাণ হাতে পাওয়ার পরই ভুক্তভোগী নারী বিষয়টি বুঝতে পারেন। অভিযোগ, তথ্য ফাঁস হওয়ার পর অভিযুক্ত ওই নারী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেন এবং আত্মহত্যায় প্ররোচনা দেন। দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা সইতে না পেরে অবশেষে ভুক্তভোগী মুম্বই পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ধোঁকাবাজি, গোপনীয়তা ভঙ্গ ও যৌন হেনস্থার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় দেশের সাধু-সন্ত মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অখিল ভারতীয় আখড়া পরিষদের সর্বভারতীয় সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী মহারাজ জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে আখড়ার শীর্ষ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে আখড়া থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অতীতে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অভিযুক্তের সুসম্পর্ক থাকায় এই ঘটনা ঘিরে রাজনৈতিক ও আধ্যাত্মিক মহলে শোরগোল পড়েছে।