নির্বাচনী বিধিভঙ্গ করলেন দোলা! পিটি ঊষার অভিযোগে তোলপাড় ভারতীয় তিরন্দাজি সংস্থা

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ: প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব পিটি ঊষা
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রধান পিটি ঊষা রাজ্যের প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন। সোমবার অনুষ্ঠেয় ‘স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ (এসওএম) নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা ক্রীড়া মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, পিটি ঊষা এই মর্মে নির্বাচনী আধিকারিকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি নির্দিষ্ট প্যানেলের হয়ে প্রচার চালিয়েছেন দোলা বন্দ্যোপাধ্যায়। একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ‘নিউ ভারত প্যানেল’-কে ভোট দেওয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে, যেখানে চারজন প্রার্থীর নাম ও তাঁদের ব্যালট নম্বর উল্লেখ করা হয়েছে।
অভিযোগে পিটি ঊষা উল্লেখ করেছেন, গত ৩০ অক্টোবর জারি করা নির্বাচনী বিধির ১.৯ ধারা অনুযায়ী, সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমের সাহায্যে কোনো প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে পারেন না। এছাড়া ১.২ ও ১.৩ ধারায় প্রার্থীদের পারস্পরিক সম্মান বজায় রাখার স্পষ্ট নির্দেশ রয়েছে। ঊষার মতে, দোলার এই কর্মকাণ্ড সরাসরি নির্বাচনী বিধির পরিপন্থী।
নির্বাচনী আধিকারিকের কাছে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের অনুরোধ জানিয়েছেন আইওএ প্রধান। পাশাপাশি, ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলার কথা। ভোট শুরুর আগেই এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আর্জি জানিয়েছিলেন ঊষা। তবে এ বিষয়ে নির্বাচনী আধিকারিকের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এশিয়ান গেমস ও কমনওয়েলথে পদকজয়ী দোলা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।