জলে-স্থলে বিদ্যুৎগতিতে ছুটবে কোস্ট গার্ডের নতুন মারণাস্ত্র!

জলে-স্থলে বিদ্যুৎগতিতে ছুটবে কোস্ট গার্ডের নতুন মারণাস্ত্র!

 

সুন্দরবনের নিরাপত্তায় যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হোভারক্রাফট

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের দুর্গম নদীপথ ও সমুদ্র উপকূলে নজরদারি এবং দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে যুক্ত হতে চলেছে দুটি অত্যাধুনিক হোভারক্রাফট— H-561 এবং H-562। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এগুলি বাহিনীর পরিষেবায় অন্তর্ভুক্ত করা হবে।

এতদিন সুন্দরবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুরনো H-182 এবং H-186 এয়ার কুশন ভেহিকল দুটির স্থলাভিষিক্ত হবে এই নতুন যানগুলি। দুই দশকেরও বেশি সময় পরিষেবা দেওয়ার পর পুরনো যানগুলিকে সরিয়ে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই হোভারক্রাফটগুলিকে মোতায়েন করা হচ্ছে। গোয়ার ‘চৌগুলে অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড’-এ নির্মিত এই যানগুলি কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি।

হোভারক্রাফটগুলির বিশেষত্ব হলো, এগুলি জল ও স্থল উভয় মাধ্যমেই সমান দক্ষতায় চলতে পারে। বায়ুর কুশনের সাহায্যে কাদা, অগভীর নদী ও জলাভূমির মতো দুর্গম এলাকায় দ্রুত চলাচল করতে সক্ষম হওয়ায় সুন্দরবনের ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় এগুলি অত্যন্ত কার্যকর হবে। এছাড়া, নতুন এই যানগুলিতে ব্যবহৃত উন্নত নজরদারি প্রযুক্তি অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন ও অবৈধ মৎস্য শিকারের মতো নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় উপকূলরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, দ্রুত গতিসম্পন্ন এই হোভারক্রাফটগুলির অন্তর্ভুক্তি বঙ্গোপসাগর সংলগ্ন উপকূল ও পশ্চিমবঙ্গের নদী-খাঁড়ি এলাকায় সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *