৬ বছর পর স্যান্ডপেপার গেট নিয়ে বিস্ফোরক ডেভিড ওয়ার্নার!

২০১৮ সালের বল বিকৃতি কাণ্ড: তদন্তের স্বচ্ছতা নিয়ে বিস্ফোরক ডেভিড ওয়ার্নার নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। উসমান খোয়াজার সাম্প্রতিক আত্মজীবনী প্রকাশের পর এই ইস্যুতে নতুন করে বিতর্কের আবহে ওয়ার্নার দাবি করেছেন, ওই সময়ের তদন্ত ছিল ত্রুটিপূর্ণ এবং অপরিকল্পিত। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ওয়ার্নার স্পষ্ট জানিয়েছেন, খোয়াজা তাঁর বইয়ে যা উল্লেখ করেছেন তা শতভাগ সত্য এবং এর মাধ্যমে দীর্ঘদিনের আড়ালে থাকা অনেক তথ্য প্রকাশ্যে এসেছে। বল বিকৃতি কাণ্ডের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ওয়ার্নার বলেন, ওই ঘটনার সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে উসমান খোয়াজা উপস্থিত থাকলেও তদন্তকারী দল তাঁর থেকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। বিষয়টি অত্যন্ত ‘খারাপ এবং অপরিকল্পিত’ ছিল বলে তিনি মন্তব্য করেন। অনেকেই প্রশ্ন তুলছেন, এতদিন পর কেন খোয়াজা এই বিষয়গুলো নিয়ে মুখ খুললেন? এর উত্তরে ওয়ার্নার সাফ জানিয়েছেন, এটি খোয়াজার নিজস্ব অভিজ্ঞতা এবং সত্য প্রকাশের অধিকার। তিনি আরও বলেন, এখন সময় এসেছে অতীতের ভুল তথ্যগুলোকে দূরে সরিয়ে প্রকৃত জবাবদিহিতা ও স্বচ্ছতার দাবি তোলার। ওয়ার্নারের মতে, খোয়াজাকে কাঠগড়ায় না দাঁড় করিয়ে বরং সেই সময় যারা তদন্ত প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন, তাদের দিকেই প্রশ্ন তোলা উচিত। এই বিতর্কিত ঘটনাটি যে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কতটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল, তাও আবেগঘন কণ্ঠে তুলে ধরেন ওয়ার্নার। তিনি জানান, সম্প্রতি তাঁর ১২ বছর বয়সী মেয়ে আইভি সেই সময়ের পুরনো ভিডিও দেখে প্রশ্ন করে, কেন সেদিন ক্যামেরা তাদের দিকে তাক করা ছিল এবং কেন তার বাবা কাঁদছিলেন। মেয়েকে সত্যটা বোঝাতে গিয়ে নিজের লড়াইয়ের কথা উল্লেখ করে ওয়ার্নার বলেন, বিষয়টি তাঁর কাছে অত্যন্ত কষ্টদায়ক ছিল। স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট এবং তাঁদের পরিবারের ওপর দিয়ে যাওয়া মানসিক ট্রমার কথা স্মরণ করিয়ে ওয়ার্নার বলেন, অতীতের ক্ষত খুঁড়ে তোলা তাঁদের উদ্দেশ্য নয়। বরং সব ভণ্ডামি দূর করে সততার সঙ্গে প্রকৃত সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে।