আট বছর বয়সেই অসাধ্য সাধন, ১৩ হাজার ফুট উঁচুতে পৌঁছে ইতিহাস গড়ল খুদে পর্বতারোহী!

আট বছর বয়সেই অসাধ্য সাধন, ১৩ হাজার ফুট উঁচুতে পৌঁছে ইতিহাস গড়ল খুদে পর্বতারোহী!

 

অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় খুদে পর্বতারোহী স্মিতরাজের

নিজস্ব প্রতিবেদন: হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছাল হুগলির ভদ্রকালীর খুদে পর্বতারোহী স্মিতরাজ দে। বাবা-মা ও স্থানীয় ‘পদাতিক ক্লাবে’র ১৫ জনের দলের সঙ্গে এই অভিযানে অংশ নিয়েছিল সে। শনিবার সফলভাবে বেস ক্যাম্পে পৌঁছে নজির গড়ল এই খুদে।

গত ১ নভেম্বর কলকাতা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয় দলটি। এরপর ৪ নভেম্বর গান্ধ্রুক থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পের মূল অভিযান শুরু হয়। প্রতিকূল আবহাওয়া ও কঠিন পথ পাড়ি দিয়ে তিন দিনের মাথায় শনিবার গন্তব্যে পৌঁছায় তারা। দলের কনিষ্ঠতম সদস্য হলেও শারীরিক ক্লান্তি বা কঠিন পথ তাকে দমাতে পারেনি।

স্মিতরাজের বাবা, পেশায় আইনজীবী সুমন দে জানান, এটিই ছেলের প্রথম ট্রেক। তবে এই অভিযানের জন্য গত দেড় মাস ধরে কঠোর শারীরিক প্রস্তুতি নিয়েছিল স্মিতরাজ। বাবা সুমনবাবুর তত্ত্বাবধানে নিয়মিত যোগব্যায়াম, সিঁড়ি দিয়ে ওঠানামা ও বিশেষ শারীরিক কসরত করেছে সে। এর আগে শুশুনিয়া পাহাড়ে রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণও নিয়েছে এই খুদে পর্বতারোহী। এ ছাড়াও সে নিয়মিত ফুটবল ও ক্যারাটে অনুশীলন করে।

সাধারণত এত কম বয়সী শিশুদের জন্য এই ধরনের দুর্গম ট্রেক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে স্মিতরাজের উদ্যম ও উদ্দীপনা অবাক করেছে দেশ-বিদেশের বহু পর্বতারোহীকে। বেস ক্যাম্পে যাওয়ার পথে অনেকেরই নজর কেড়েছে সে।

স্মিতরাজের বাবা বলেন, “প্রথমে ভেবেছিলাম কঠিন পথে ছেলে হয়তো সমস্যায় পড়বে। কিন্তু সে সবার সঙ্গে তাল মিলিয়ে অনায়াসে বেস ক্যাম্পে পৌঁছেছে। ও যে নজির গড়েছে, তা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।” দলের লিডার প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের উৎসাহেই এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান সুমনবাবু। কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে হিমালয়ের দুর্গম শৃঙ্গ জয়ের পথে স্মিতরাজের এই সাফল্য এখন অনেকের কাছেই অনুপ্রেরণার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *