দেশের জন্য আনলেন সোনা, আর নিজের দেশেই হারালেন নাগরিক অধিকার

বিদেশের মাটিতে তেরঙা উড়িয়ে ভারতকে বিশ্বসেরা করেছেন যে প্যারা অ্যাথলিট, আজ তাকেই লড়তে হচ্ছে নিজের পরিচয়ের জন্য। আন্তর্জাতিক মঞ্চে সোনা জয়ী অ্যাথলিট আতর আলীর নাম রহস্যজনকভাবে উধাও হয়ে গেল ভোটার তালিকা থেকে। তালিকায় নিজের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা দেখে স্তম্ভিত এই কৃতি সন্তান।
সব নথিপত্র থাকা সত্ত্বেও কেন এমন চূড়ান্ত হেনস্তা? রানাঘাটের বিডিও অফিস থেকে মহকুমা শাসকের দপ্তর— সর্বত্র ঘুরেও মিলছে না সুরাহা। সামনেই জার্মানির বড় প্রতিযোগিতা এবং এশিয়ান গেমসের প্রস্তুতি, অথচ হাড়ভাঙা খাটুনির বদলে এই সোনার ছেলেকে এখন দিন কাটাতে হচ্ছে সরকারি দপ্তরে দপ্তরে। দেশের গৌরব বাড়ানো এক চ্যাম্পিয়নের এই চরম দুর্গতি কি প্রশাসনিক উদাসীনতার চূড়ান্ত নিদর্শন নয়? আতর আলীর প্রশ্ন, “যাচাই না করেই কীভাবে একজন নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হয়?” দ্রুত বিচার চেয়ে এখন নির্বাচন কমিশনের দিকেই তাকিয়ে আছেন এই পদকজয়ী অ্যাথলিট।