রাহানে বনাম ক্রিকেট অস্ট্রেলিয়া দ্বৈরথে এবার এন্ট্রি কোচের! গ্রিনকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস

কলকাতা নাইট রাইডার্স শিবিরে ক্যামেরন গ্রিনকে ঘিরে ঘনীভূত হওয়া রহস্যে এবার ঘি ঢাললেন খোদ অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের প্রকাশ্য ক্ষোভের পর অজি কোচের এই মন্তব্য আইপিএলের অন্দরমহলে শোরগোল ফেলে দিয়েছে।
২৫ কোটি ২০ লক্ষ টাকার বিদেশি ক্রিকেটার কেন বল হাতে তুলে নিচ্ছেন না, তা নিয়ে ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে হারের পর মেজাজ হারিয়েছিলেন রাহানে। সরাসরি আঙুল তুলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে। এবার তারই পাল্টা দিয়ে ম্যাকডোনাল্ড স্পষ্ট জানালেন, গ্রিনের মতো অলরাউন্ডারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি। অজি কোচের দাবি, আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা এবং দেশের হয়ে খেলার চাপের মাঝে ভারসাম্য রাখতেই এই কৌশল।
ম্যাকডোনাল্ডের মতে, গ্রিন তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার অপরিহার্য অংশ। তাই তাঁর ফিটনেস নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বোর্ড। যদিও কেকেআর শিবিরের দাবি ছিল, গ্রিনের বোলিং না করা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কিন্তু অজি বোর্ড পালটা দাবি করেছে যে নিলামের আগেই গ্রিনের চোটের অবস্থা সম্পর্কে কেকেআর কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছিল।
আপাতত ১০-১২ দিন বল করতে পারবেন না আইপিএলের এই দামী তারকা। অর্থাৎ আরও কয়েকটা ম্যাচে গ্রিনকে শুধুমাত্র ব্যাটার হিসেবেই ব্যবহার করতে হবে নাইটদের। কোটি কোটি টাকা খরচ করেও গ্রিনের বোলিং পরিষেবা না পাওয়ায় কেকেআর শিবিরের অস্বস্তি যে কয়েক গুণ বেড়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, অজি কোচের এই সাফাইয়ের পর নাইট ম্যানেজমেন্ট কী পদক্ষেপ নেয়।