লাল-হলুদ সমর্থকদের ভালোবাসা, অস্কারের মন গলে কি ইস্টবেঙ্গলেই থেকে যাওয়ার ইঙ্গিত!

লাল-হলুদ সমর্থকদের ভালোবাসা, অস্কারের মন গলে কি ইস্টবেঙ্গলেই থেকে যাওয়ার ইঙ্গিত!

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) হাইভোল্টেজ মেগা ফাইনালে নামার আগে ইস্টবেঙ্গল শিবিরে বড়সড় স্বস্তির হাওয়া। ক্লাব ও সমর্থকদের উপচে পড়া ভালোবাসায় কি অবশেষে বরফ গলছে কোচ অস্কার ব্রুজোর? কিছুদিন আগেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের আগে স্প্যানিশ হেডস্যার আচমকা ঘোষণা করেছিলেন যে, আগামী মরশুমে তিনি আর লাল-হলুদের দায়িত্বে থাকছেন না। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছিলেন আপামোর ইস্টবেঙ্গল ভক্তরা। তবে সাম্প্রতিক পরিস্থিতি ও কর্তাদের তৎপরতায় অস্কারের সিদ্ধান্তের চিড় ধরার ইঙ্গিত মিলছে।

ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে অস্কার ব্রুজো এবং ইনভেস্টর ইমামি কর্তৃপক্ষ— উভয় পক্ষকেই চিঠি পাঠানো হয়েছে। ক্লাব কর্তাদের পক্ষ থেকে দেবব্রত সরকাররা স্প্যানিশ কোচকে থেকে যাওয়ার জন্য যে আন্তরিক অনুরোধ জানিয়েছেন, তা দেখেই মূলত সুর নরম করতে শুরু করেছেন তিনি। একই সঙ্গে সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে আপাতত সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং এফসি গোয়ার মতো লোভনীয় প্রস্তাবগুলি নিয়ে ভাবনাচিন্তার গতি ধীর করে দিয়েছেন লাল-হলুদ হেডস্যার।

৩১ মে পর্যন্ত অপেক্ষা ও জুন মাসের ভবিষ্যৎ

চুক্তির মেয়াদ অনুযায়ী আগামী ৩১ মে পর্যন্ত লাল-হলুদ শিবিরের সঙ্গেই চুক্তিবদ্ধ আছেন অস্কার। পেশাদারত্বের পরিচয় দিয়ে কোচ জানিয়ে দিয়েছেন, ৩১ মে-র আগে তিনি অন্য কোনও ক্লাবের সঙ্গে আগাম চুক্তি নিয়ে কোনও কথা বলবেন না। ভবিষ্যৎ নিয়ে যাবতীয় আলোচনা হবে আগামী জুন মাসে। ততদিনে আগামী মরশুমে ইনভেস্টর ইমামি কর্তৃপক্ষের কী পরিকল্পনা এবং এফএসডিএল-এর পক্ষ থেকে পরবর্তী আইএসএল সূচি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তাও অনেকখানি পরিষ্কার হয়ে যাবে।

বৃহস্পতিবারের মেগা ফাইনাল ও মাঠের জটিলতা

আপাতত অস্কারের পুরো ফোকাস বৃহস্পতিবারের মেগা ফাইনালে ইন্টার কাশীর বিরুদ্ধে ট্রফি জয় নিশ্চিত করা। এই ম্যাচ জিতলে অস্কারের ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লাল-হলুদ শিবিরে রয়েছে একাধিক চিন্তা। সল ক্রেসপো ও মহেশের পাশাপাশি কার্ড সমস্যার কারণে এই ম্যাচে খেলা অনিশ্চিত এডমুন্ডের। ফেডারেশনের কাছে এডমুন্ডের কার্ড সমস্যা মেটানোর আবেদন করার প্রস্তুতি নিচ্ছে ক্লাব। অন্যদিকে চোট সারিয়ে বিপিন সিং সুস্থ হলেও বৃহস্পতিবার নন্দ কুমারকেই হয়তো শুরু থেকে খেলাবেন কোচ।

সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফাইনাল ম্যাচের ভেন্যু। শেষ ম্যাচটি মোহনবাগানের হোম ম্যাচ হওয়ায় তারা যুবভারতীতে খেলবে, আর ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামতে হবে কিশোরভারতী স্টেডিয়ামে। কিশোরভারতীর মাঠের পরিস্থিতি খতিয়ে দেখতে ক্লাব কর্তারা পরিদর্শনে যাচ্ছেন এবং প্রয়োজনে সেখানে কোচ অস্কার ব্রুজোকেও ডেকে নেওয়া হতে পারে। ট্রফি জিতেই স্প্যানিশ কোচ তাঁর ভবিষ্যৎ লাল-হলুদেই লিখবেন কিনা, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *