একই এশিয়াডে ২ পদক! গুলবীরের ঐতিহাসিক রেকর্ড, রেকর্ড ভাঙলেন ভিত্যাও
জাপানের মাটিতে ভারতীয় অ্যাথলিটদের জয়জয়কার! এশিয়ান গেমসে এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল দেশ। পুরুষদের ১৫০০ মিটার ফাইনালে রুপো জিতে নতুন নজির গড়েছেন গুলবীর সিং। অন্যদিকে, কিংবদন্তি পিটি ঊষার ৪২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ব্রোঞ্জ ছিনিয়ে নিয়েছেন ভিত্যা রামরাজ।
গুলবীরের জোড়া রূপোর ইতিহাস: ১০,০০০ মিটার ইভেন্টে রূপো জেতার পর এবার ১৫০০ মিটারেও নিজের সেরাটা দিলেন উত্তরপ্রদেশের ২৮ বছর বয়সী দৌড়বিদ গুলবীর সিং। ফাইনালে ৩ মিনিট ৩৬.৭২ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স গড়ে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। এর মাধ্যমে একই এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে দু’টি পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাস তৈরি করলেন সেনাবাহিনীতে কর্মরত এই তারকা। এই ইভেন্টে ৩ মিনিট ৩৬.৩৫ সেকেন্ডে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন জাপানের কাজুতো ইজাওয়া।
পিটি ঊষার ৪২ বছরের রেকর্ড ভাঙলেন ভিত্যা: মহিলদের ৪০০ মিটার হার্ডলসে ৫৪.৭৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতে ভিত্যা রামরাজ। এর সঙ্গেই তিনি ভেঙে দিলেন ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে গড়া পিটি ঊষার ৫৫.৪২ সেকেন্ডের জাতীয় রেকর্ড। দীর্ঘ ৪২ বছর পর ঊষার সেই ঐতিহ্যবাহী রেকর্ড নিজের নামে করলেন ভিত্যা। চলতি এশিয়াডে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে রুপো জেতার পর এটি ভিত্যার দ্বিতীয় পদক। ইভেন্টে নতুন গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন সংযুক্ত আরব আমিরশাহির মারিয়াম করিম (৫৪.৩১ সেকেন্ড)।
আক্ষেপ অবিনাশ সাবলেকে ঘিরে: ভারতের জন্য আনন্দের দিনে কিছুটা আক্ষেপ রয়ে গেল পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে। চোট কাটিয়ে মরশুমের সেরা পারফরম্যান্স (৮ মিনিট ২১.৬৭ সেকেন্ড) দেওয়া সত্ত্বেও চতুর্থ স্থানে শেষ করতে হয় গতবারের সোনাজয়ী অবিনাশ সাবলেকে। অল্পের জন্য পদক হাতছাড়া হয় তাঁর। এই ইভেন্টে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন জাপানের রিউজি মিউরা। এছাড়া ৪০০ মিটার হার্ডলস ফাইনালে ভারতের সন্তোষ কুমার তামিলারাসান ৪৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থানে শেষ করেন।
জাপানের এশিয়ান গেমসে গুলবীর ও ভিত্যার এই জোড়া সাফল্য ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জন্য এক নতুন দিগন্ত খুলে দিল।