‘আরশোলা’র পালটা এবার ‘খরগোশ’! নতুন দল গড়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা এলভিশ যাদবের

দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে বিদ্রুপ করে এবং সদ্য জনপ্রিয় হওয়া ‘ককরোচ জনতা পার্টি’-র পালটা দিতে এবার ময়দানে নামলেন বিতর্কিত ইউটিউবার এলভিশ যাদব। ‘খরগোশ জনতা পার্টি’ নামে সম্পূর্ণ নতুন একটি ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল খোলার ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলে শুধু দল গঠনই নয়, কৌতুকচ্ছলে নিজেকে এই দলের প্রতিষ্ঠাতা এবং ‘প্রধানমন্ত্রী’ হিসেবেও ঘোষণা করেছেন বিগ বস ওটিটি বিজয়ী এই তারকা।
বিনা মূল্যে গাজরের প্রতিশ্রুতি ও রাজনৈতিক কটাক্ষ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী ক্ষোভ থেকে জন্ম নেওয়া ‘আরশোলা’ বা ‘ককরোচ জনতা পার্টি’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আট থেকে আশি, এমনকি বিরোধী শিবিরের নেতা-মন্ত্রী ও তারকারাও এই স্রোতে গা ভাসিয়েছেন। এই আবহে সংশ্লিষ্ট দলকে পালটা জবাব দিতেই এলভিশের এই অভিনব ব্যাঙ্গাত্মক স্ট্র্যাটেজি। তাঁর দলের পোস্টারে স্লোগান দেওয়া হয়েছে— তীক্ষ্ণ বুদ্ধি, লম্বা কান এবং গাজর-চালিত উন্নয়নের প্রতিশ্রুতি। গাজরকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে জমায়েত করলে বিনামূল্যে গাজর বিতরণের ঘোষণাও করেছেন তিনি। মূলত দেশের রাজনৈতিক দলগুলির ফাঁকা প্রতিশ্রুতিকে কটাক্ষ করতেই এই কৌতুকপূর্ণ ইস্তাহারের অবতারণা করা হয়েছে।
বিতর্ক পেরিয়ে নতুন ট্রেন্ডের সূচনা
বছর দুয়েক আগে প্রমোদ পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন এলভিশ। তবে জামিনে মুক্তি পাওয়ার পর ধীরে ধীরে নিজের কেরিয়ারের মোড় ঘুরিয়েছেন গুরুগ্রামের এই ইউটিউবার। বর্তমান রাজনৈতিক তরজার আবহে তাঁর ‘খরগোশ জনতা পার্টি’ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলভিশের এই পদক্ষেপ একদিকে যেমন নেটিজেনদের বিনোদনের খোরাক জোগাচ্ছে, তেমনই ইন্টারনেট দুনিয়ায় রাজনৈতিক প্রতিবাদের এক নতুন ব্যাঙ্গাত্মক ধারার জন্ম দিয়েছে যা ভবিষ্যতে আরও নানা প্যারোডির সৃষ্টি করতে পারে।