বিদ্যুৎ বিল হবে শূন্য! রাজ্যে সূর্যঘর যোজনায় মিলবে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি

তীব্র গরমে স্বস্তি পেতে এসি বা কুলারের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের বিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির ওপর এই বিশাল বিলের বোঝা কমাতেই এবার বড়সড় পদক্ষেপ করল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় এবার বাংলাতেও পূর্ণাঙ্গভাবে চালু হলো ‘প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা’। দীর্ঘদিন ধরে বাংলার মানুষ এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে, যা প্রান্তিক ও মধ্যবিত্ত মানুষের বিদ্যুৎ খরচ কমিয়ে বিপুল আর্থিক সাশ্রয় করবে বলে মনে করা হচ্ছে।
প্রকল্পের সুবিধা ও আর্থিক ভর্তুকি
২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুরু হওয়া এই যোজনার মূল উদ্দেশ্য হলো বাড়িতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা। এই প্রকল্পের অধীনে গ্রাহকরা প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। পাশাপাশি সোলার প্যানেল বসানোর জন্য রাজ্য সরকারের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের ভর্তুকি প্রদান করা হবে। জানা গিয়েছে, ১ কিলোওয়াট প্যানেলের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি মিলবে। এর ফলে বিদ্যুতের খরচ নিয়ে সাধারণ মানুষের আজীবনের দুশ্চিন্তার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
আবেদনের সহজ পদ্ধতি
খুব সহজেই সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য প্রথমেই pmsuryaghar.gov.in ওয়েবসাইটে গিয়ে Consumer অপশন থেকে Apply Now-এ ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করে নাম, ঠিকানা ও জেলার বিস্তারিত তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। উপভোক্তারা নিজে বা ভেন্ডারের সহায়তা নিয়ে এই আবেদন করতে পারবেন। এছাড়া রাজ্যজুড়ে শুরু হওয়া ‘জনকল্যাণ শিবির’-এ গিয়েও অফলাইনে সরাসরি এই যুগান্তকারী প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে।