রথযাত্রায় পুরীর ট্রেন মিস হবে না! নবদ্বীপবাসীর সুবিধার্থে ৬ দিন বিশেষ ট্রেন চালাবে রেল

নবদ্বীপ ধাম স্টেশন থেকে সরাসরি পুরীগামী ট্রেন চালানোর জল্পনা থাকলেও, পরিকাঠামোগত কারণে তা সম্ভব হয়নি। তবে যাত্রীদের নিরাশ না করে, পুরীগামী ট্রেন ধরার সুবিধার্থে নবদ্বীপ সহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দাদের জন্য বিশেষ কানেক্টিং EMU লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
বিশেষ ট্রেনের সময়সূচী ও বিস্তারিত: পূর্ব রেল সূত্রে জানা গেছে, ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই—এই ৬ দিন ট্রেনটি চালানো হবে। কাটোয়া থেকে প্রতিদিন সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে ব্যান্ডেল হয়ে এই বিশেষ ট্রেনটি সরাসরি কলকাতা স্টেশনে পৌঁছাবে।
- ব্যান্ডেল ছাড়ার সময়: রাত ৯টা ১০ মিনিট।
- কলকাতা স্টেশনে পৌঁছানোর সময়: রাত ১০টা ৪০ মিনিট।
পুরী যাওয়ার সহজ উপায়: কলকাতা স্টেশন থেকে প্রতিদিন রাত ১১টা ৫০ মিনিটে ছাড়ে ‘কলকাতা-খুরদা রোড স্পেশাল’ ট্রেনটি (০৩১০১)। কাটোয়া থেকে আসা এই EMU লোকালটি রাত ১০টা ৪০ মিনিটে কলকাতা পৌঁছানোর ফলে, যাত্রীরা সহজেই হাতে ১ ঘণ্টা ১০ মিনিট সময় পেয়ে যাচ্ছেন। এর ফলে তারা স্বাচ্ছন্দ্যে পুরীগামী ট্রেনটি ধরতে পারবেন। স্পেশাল এই EMU ট্রেনটি যাত্রাপথে প্রতিটি স্টেশনেই থামবে।
উল্লেখ্য, কলকাতা-খুরদা রোড স্পেশাল ট্রেনটি পরের দিন সকাল ৭টা ৪০ মিনিটে ভুবনেশ্বর এবং ৯টা ৩৫ মিনিটে খুরদা রোড স্টেশনে পৌঁছায়। সেখান থেকে খুব সহজেই সড়কপথে পুরী পৌঁছে যাওয়া সম্ভব।
রথযাত্রার ভিড় সামলাতে পুরী স্টেশনেও রেলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের জন্য অস্থায়ী ওয়েটিং রুম, বাড়তি টিকিট কাউন্টার এবং পর্যাপ্ত পানীয় জল ও খাবারের সুব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।