খেলার দুনিয়ায় নতুন ইতিহাস! দেশের সেরা ‘স্পোর্টস সিটি’ গড়ে তুলতে কোমর বাঁধল সরকার

কলকাতা: দেশের বুকে বিধাননগরকে এক আদর্শ ‘স্পোর্টস সিটি’ বা ক্রীড়ানগরী হিসেবে গড়ে তুলতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। সম্প্রতি ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র দফতরে টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়সহ অন্যান্য ব্যক্তিত্বরা।
বিধাননগরকে বিশ্বমানের ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকাঠামোর বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
কিংবদন্তি লিয়েন্ডার পেজের বক্তব্য: “সল্টলেক স্পোর্টস কমপ্লেক্সে ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের পরিকাঠামো রয়েছে। এখানকার ফুটবল মাঠ, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট এবং সুইমিং পুলগুলি দারুণভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে বিধাননগর খুব দ্রুত দেশের সেরা ক্রীড়াকেন্দ্র হয়ে উঠতে পারে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলা ও স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে।”
লিয়েন্ডার পেজের এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, সল্টলেককে কেন্দ্র করে এমন এক ক্রীড়া পরিবেশ তৈরি করাই লক্ষ্য, যা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা নেবে।