ভদোদরায় মোদীর ৩৫,০০০ কোটির মেগা উপহার: ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে বড় পদক্ষেপ!

ভদোদরা: ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যকে আরও গতিশীল করতে গুজরাটের ভদোদরায় ৩৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক মেগা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রেল, জাতীয় সড়ক এবং ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর’ (WDFC)-এর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশসহ বেশ কিছু বড় প্রকল্পের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভদোদরাবাসীদের ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “বিকশিত ভারত গড়ার এই যাত্রাকে আরও বেগবান করতেই আজ আপনাদের মাঝে আমার উপস্থিতি।” তিনি মনে করিয়ে দেন, লালকেল্লা থেকে ঘোষিত ‘সপ্তধারা’ সংকল্পের অন্যতম প্রধান ভিত্তি হলো ‘গতি শক্তি’। ২,৮০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজ সম্পূর্ণ হওয়াকে তিনি একুশ শতকের ভারতের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করেন।
কাজের সংস্কৃতি ও আগের জমানাকে তোপ পূর্ববর্তী সরকারের ধীরগতির আমলাতন্ত্রকে কটাক্ষ করে মোদী জানান, ২০০৪ সালে এই ফ্রেট করিডরের কথা ভাবা হয়েছিল এবং ২০০৬ সালে বিশেষ সংস্থাও গঠন করা হয়, কিন্তু ২০১৪ সাল পর্যন্ত পুরো প্রকল্পটিই ফাইলবন্দি অবস্থায় আটকে ছিল। তবে বিগত ১২ বছরে দেশের প্রশাসনিক ও কাজের সংস্কৃতিতে যে আমূল পরিবর্তন এসেছে, তারই ফলশ্রুতিতে আজ এই ঐতিহাসিক স্বপ্নের সফল রূপায়ণ সম্ভব হয়েছে।
ভদোদরাকে ‘গতি শক্তি বিশ্ববিদ্যালয়’-এর পীঠস্থান উল্লেখ করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উন্নত দেশের মূল চাবিকাঠি হলো দ্রুত, সহজ ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। সঠিক নীতি, আধুনিক প্রযুক্তি এবং পরিকাঠামোগত বিপ্লবের মেলবন্ধনে ভারত আজ যে নতুন শক্তিতে বিশ্বমঞ্চে এগিয়ে চলেছে, ভদোদরার এই মেগা প্রকল্প তারই এক অনন্য উদাহরণ।