মহিলাদের ‘চিতা আন্দোলন’ ঘিরে ফের উত্তপ্ত পান্না, পুলিশের বিরুদ্ধে কেন ক্ষোভ গ্রামবাসীদের?

মহিলাদের ‘চিতা আন্দোলন’ ঘিরে ফের উত্তপ্ত পান্না, পুলিশের বিরুদ্ধে কেন ক্ষোভ গ্রামবাসীদের?

কেন-বেতয়া নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে ফের গর্জে উঠেছেন মধ্যপ্রদেশের পান্নার বাসিন্দারা। এবার আন্দোলনের মূল কাণ্ডারী হয়ে উঠেছেন স্থানীয় মহিলারা। নদী ও পুকুরের জলে ভেসে থাকা প্রতীকি কাঠের চিতায় ঘণ্টার পর ঘণ্টা শুয়ে অভিনব ‘চিতা আন্দোলন’ চালিয়ে যাচ্ছেন তাঁরা। পরিবেশ আন্দোলনের ইতিহাসের চিপকো বা নর্মদা বাঁচাও আন্দোলনের মতোই এই প্রতিবাদের মূল বার্তা হলো—কেন নদীর জল বেতোয়ায় ডাইভার্ট করা হলে এবং ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হলে জীবন-জীবিকা হারিয়ে কার্যত মৃত্যু হবে বাসিন্দাদের। ২০২১ সালে বুন্দেলখণ্ডের জলকষ্ট মেটাতে গতি পাওয়া এই ২২১ কিলোমিটার খাল ও নদী সংযোগ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ চলছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় বাসিন্দাদের ওপর।

গত জুলাইয়ে প্রশাসনের প্রতিশ্রুতির পর ১৫ দিনের মাথায় আন্দোলন স্থগিত হলেও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করায় ক্ষোভ চরমে পৌঁছেছে। পরিবার পিছু প্রাপ্য ১৫ লাখ টাকার বদলে দেওয়া হয়েছে মাত্র ৫ লাখ টাকা। পাঁচ দিন আগে ফের এই আন্দোলন শুরু হতেই সাদা পোশাকে এলাকায় এলাকায় গিয়ে গণহারে গ্রেফতার, মোবাইল কেড়ে নেওয়া ও পরিবারগুলোর ওপর জুলুম চালানোর গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনের অন্যতম মুখ অমিত ভাটনগরকে পুলিশ সম্প্রতি গ্রেফতার করলেও স্থানীয় বাসিন্দারা তাঁদের ভিটেমাটি ও জলের অধিকার রক্ষায় অটল রয়েছেন। সরকার ও প্রশাসনের এই কঠোর পদক্ষেপ এবং পুলিশের ভূমিকা পান্না এলাকায় চরম অসন্তোষের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *