‘হকারদের জন্য স্কিম আসবে, কিন্তু রাস্তা দখল বরদাস্ত নয়!’ কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হকারদের জন্য স্কিম আসবে, কিন্তু রাস্তা দখল বরদাস্ত নয়!’ কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা: “ফুটপাত দিয়ে হাঁটার অধিকার একমাত্র জনগণের। সেটা দখল করার অধিকার কারও নেই।” ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা নিয়ে এবার অত্যন্ত কড়া ও স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি, তেমনই বেআইনিভাবে রাস্তা আটকে ব্যবসা করার বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

মুখ্যমন্ত্রী সাফ জানান, যেখানে সরকারের খালি জায়গা রয়েছে এবং জনগণের কোনও সমস্যা হচ্ছে না, সেখানে যদি কেউ বৈধ বা অবৈধভাবে বসে থাকেন, তবে তাঁদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে। তিনি বলেন, “সরকার হকারদের জন্য আস্তে আস্তে নতুন স্কিম বা প্রকল্প নিয়ে আসবে। এমনকি হকারদের জন্য ভারত সরকারেরও বিশেষ স্কিম রয়েছে।”

তবে মানবিকতার পাশাপাশি নিয়মের ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট কিছু এলাকার নাম উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, “কিন্তু নিউ মার্কেটে পুরো রাস্তা দখল করে থাকবেন… রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, কিংবা মেটিয়াবুরুজে যা খুশি তাই করবেন— সেটা আর হতে দেওয়া হবে না।”

মুখ্যমন্ত্রীর এই বার্তার পর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি হকার উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসন আরও কঠোর হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *